অল্প সময়ের মধ্যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি পণ্য ও সেবা রপ্তানি তৈরি পোশাক খাতকে অতিক্রম করবে বলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, স্যামসাং বাংলাদেশে উৎপাদিত ফোনে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছে। এগুলো বিদেশে রপ্তানি হচ্ছে। আর এ কারণে আজকের ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমি বিস্মিত। দশ বছর আগে এটাকে অসম্ভব মনে করা হতো। কিন্তু এটাই আজ বাস্তব।
তিনি বলেন, আগে ৩০ মিলিয়ন মোবাইল আমদানি করতে হতো আর এখন দেশে ২০ মিলিয়ন মোবাইল ফোন তৈরি হয়। বাংলাদেশের ফোন রপ্তানি হচ্ছে, যা মানে দিকের বিশ্বমানের। ১০-১১ বছর আগে এসব কেউ ভাবতে পারতো না। অপারেটরগুলো থ্রিজি ফোরজি চালু করতে তেমন আগ্রহী ছিলো না। তারা ব্যাকবোনের কথা বলতো, ডেটা ইউজারের কথা বলতো। এসবে পরিবর্তন এনেছে বর্তমান সরকার। দেশে লো কস্টে মোবাইল ফোন তৈরির ব্যবস্থা করেছে। এখন সব কিছুই সম্ভব বাংলাদেশে।

জয় বলেন, এগারো বছর আগে ইন্টারনেট সংযোগ ছিলো দুর্লভ। কিন্তু ৫ বছরের মধ্যে আমরা ৩জি ও ৪জি সুবিধা চালু করতে পেরেছি। ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক পৌঁছে গেছে। আগে যেখানে আমদানী করে ফোন ব্যবহার করতে হতো। এখন স্বল্প খরচেই বাংলাদেশে উৎপাদন হচ্ছে। সফটওয়্যার রপ্তানি হচ্ছে। ইতিমধ্যেই রপ্তানি ১ বিলিয়ন ছাড়িয়েছে। হিসাব ছাড়াই ইন্টারনেট ভিত্তিক উৎপাদন আরো ১-২ বিলিয়ন অতিক্রম করবে।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষর্টা বলেন, দেশে এখন মোবাইল ফোন, টেলিভিশন,স্মার্ট ডিভাইস মানে হার্ডওয়্যারের রপ্তানি দ্রুত বাড়ছে। আমরা তথ্যপ্রযুক্তিতে দেশে পোশাক খাতের রপ্তানিকেও ছাড়িয়ে যাবো খুব তাড়াতাড়ি। আর এ সব কিছুর সুফল পাবে বাংলাদেশের জনগণ।
তিনি আরো বলেন, অচিরেই বাংলাদেশ মধ্য আয়োর দেশে থেকে উন্নত দেশে পরিণত হবে। আমাদের লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে আমরা নতুন উচ্চতায় পৌঁছে যাবো। দেশে কোনো দরিদ্র থাকবে না। আগামী কয়েক বছরের মধ্যে দেশে ডাটার ব্যবহার রকেট গতিতে বাড়বে। আমরা আমেরিকার চেয়ে পিছিয়ে নেই।